আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় জামালপুরের কাশফিয়া

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের মোমেনাবাদের বাসিন্দা কাশফিয়া জান্নাত কুহু আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর জন্য প্রাথমিক মনোনয়ন পেয়েছে। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এই সম্মানজনক পুরস্কারের জন্য এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৯৮ জন শিশুকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে ৪২ জন। কাশফিয়া ছাড়াও হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরও ছয় শিশু সাংবাদিক এই তালিকায় স্থান পেয়েছেন। তারা হলেন অরণ্য আবীর খান প্রাপ্য, ফারাবি জাবিন সায়েরী, জয়া বণিক, সুদীপ্ত দেবনাথ, মুশফিকুর রহমান ও জামিউল হাসান আরাফ।

শিক্ষক দম্পতি কাইয়ুম হিলালী মাইকেল ও শিউলী খাতুনের সন্তান কাশফিয়া ঢাকায় পড়াশোনা করলেও নিজের শেকড়ের সাথে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে। শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সমতা এবং সামাজিক সচেতনতা তৈরিতে তার বিশেষ অবদান রয়েছে। কিডস রাইটসের ২০২৬ সালের মনোনয়ন প্রোফাইল অনুযায়ী, গ্রামাঞ্চলে বেড়ে ওঠার সময় কাশফিয়া তার আশপাশের মেয়েদের বাল্যবিয়ের শিকার হতে এবং শুধু মেয়ে হওয়ার কারণে বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হতে দেখেছে। এই অভিজ্ঞতা তাকে শিশু অধিকার ও লিঙ্গ সমতার পক্ষে কাজ করতে উদ্বুদ্ধ করেছে।

কিডস রাইটসের তথ্যমতে, গত এক বছরে কাশফিয়া ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি বাল্যবিয়ে বন্ধে সরাসরি হস্তক্ষেপ করেছে। একই সময়ে স্কুল থেকে ঝরে পড়া অসংখ্য শিশুকে পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনতেও সে সহযোগিতা করেছে। পাশাপাশি উঠান বৈঠক ও স্থানীয় সেমিনারের মাধ্যমে লিঙ্গ সমতা নিয়ে জনসচেতনতা তৈরির কাজ করছে সে। এছাড়া জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশ নিয়েও কাশফিয়া বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

একজন শিশু সাংবাদিক হিসেবে কাশফিয়া নিয়মিত শিশু অধিকার, বাল্যবিয়ে, নারী-পুরুষের বৈষম্য, শিক্ষা ও পরিবেশের মতো বিষয় নিয়ে কাজ করে। হ্যালোতে প্রকাশিত তার প্রতিবেদনে বাল্যবিয়ের ক্ষতিকর দিক, শিশুদের অধিকার এবং সামাজিক বৈষম্যের বিষয়গুলো উঠে এসেছে। ২০২৬ সালের একটি প্রতিবেদনে সে বাল্যবিয়ে প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়েও প্রতিবেদন করেছে।

উল্লেখ্য, কাশফিয়ার শিশু অধিকার কেন্দ্রিক কাজের স্বীকৃতি মিলেছিল আগের বছরও। ২০২৫ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্যও সে মনোনীত হয়েছিল। কাশফিয়ার বড় বোন কারিমা ফেরদৌসী কেকাও শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সমতা ও জলবায়ু সচেতনতা নিয়ে কাজ করছেন। দুই বোনের সামাজিক কর্মকাণ্ডের কারণে মাদারগঞ্জ এলাকাটি আন্তর্জাতিক পরিসরে আলোচনায় এসেছে। নেদারল্যান্ডসভিত্তিক শিশু অধিকার সংস্থা কিডস রাইটস ২০০৫ সালে এই পুরস্কার চালু করে। প্রতিবছর একজন বিজয়ীকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পুরস্কারটি তুলে দেন। ২০২০ সালে বাংলাদেশের নড়াইলের সাদাত রহমান সাইবার বুলিং থেকে শিশুদের সুরক্ষায় কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার অর্জন করেছিলেন, তিনিও একসময় হ্যালোর শিশু সাংবাদিক ছিলেন।

শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ৭ শিশু সাংবাদিকের মধ্যে কাশফিয়া জান্নাত কুহুও রয়েছে।

২০২৬ সালের এই পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাথমিকভাবে ২শ ৯৮জনকে মনোনয়ন দেয়া হয়।