সৌদি আরবের খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি এই তথ্য নিশ্চিত করেছেন।
একই সময়ে ইয়েমেনের পরিস্থিতি নিয়ে উত্তেজনার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী জানিয়েছে, তারা দেশটির তাইজ অঞ্চলের আল ওয়াজিয়াহ জেলাটি হুথিদের কাছ থেকে উদ্ধারে বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। এই অভিযানটি রাজধানী সানাসহ হুথিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য এলাকাগুলো পুনরুদ্ধারের সরকারি বাহিনীর বৃহত্তর পরিকল্পনার অংশ।
পাশাপাশি ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, মারিব অঞ্চলে হুথিদের ছোড়া একটি 'ঘোস্ট ড্রোন' তারা ভূপাতিত করেছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী লোহিত সাগর ও বাব এল মান্দেব প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের গুরুত্ব তুলে ধরে দেশের স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন। তিনি হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সরকারের সমর্থন আরও বাড়ানোর আহ্বান জানান।
অন্যদিকে, সশস্ত্র গোষ্ঠী হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, বাব এল মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়া সরকারি বাহিনীর একটি দলকে তারা প্রতিহত করেছেন। সারি আরও জানান, ইয়েমেনের সরকারি বাহিনীকে লক্ষ্য করে হুথিরা ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে সরকারি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

