প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যেই কোনো না কোনো সুপ্ত প্রতিভা রয়েছে। এই সম্ভাবনাকে বিকশিত করার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, সংগীত এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া প্রয়োজন। তিনি বলেন, প্রতিটি শিশুর মধ্যে থাকা গুণাবলিকে বিকশিত করার দায়িত্ব আমাদেরই, যাতে তারা নিজের সক্ষমতা প্রমাণ করতে পারে।
আজ শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ বছরের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিশুদের পরিবারের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবারের পাশাপাশি দেশের ভিত্তিও মজবুত হবে। তিনি আশা প্রকাশ করেন যে, শিশুদের যথাযথভাবে গড়ে তোলা সম্ভব হলে ভবিষ্যতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং একটি শক্তিশালী দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু পড়ালেখায় ভালো হওয়াই যথেষ্ট নয়, বরং খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির মতো সৃজনশীল ক্ষেত্রেও দক্ষতা অর্জন করতে হবে। তিনি জানান, সরকার প্রতিটি শিশুর আগ্রহ অনুযায়ী গান, বাদ্যযন্ত্র, নাচ, কবিতা আবৃত্তি কিংবা খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে চায়। বিশেষ করে প্রাথমিক পর্যায় থেকে দেশব্যাপী ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে প্রায় ২২ লাখ শিশু (১১ লাখ ছেলে ও ১১ লাখ মেয়ে) অংশ নিয়েছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকার স্কুল পর্যায় থেকেই শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও সংগীতের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে এবং ২০২৭ বা ২০২৮ সাল নাগাদ তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এছাড়া, ভবিষ্যৎ কর্মজীবনের প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানি ভাষা শেখার সুযোগও সৃষ্টি করা হবে বলে তিনি জানান।
শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির প্রতি সদয় হতে হবে। পশুপাখি ও গাছপালার যত্ন নিতে হবে এবং পরিবেশ পরিষ্কার রাখতে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা পরিহার করতে হবে। বড়দেরও পরিবেশ সচেতন করতে শিশুদের বিনয়ের সঙ্গে পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং তাদের সাথে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। এছাড়া তিনি শিশু জাদুঘর ভবনের সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং এতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বক্তব্য রাখেন।

