পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ তল্লাশিচৌকিগুলোতে ড্রোন ও কোয়াডকপ্টার হামলার ঝুঁকি মোকাবিলায় অভিনব এক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। হাঙ্গু জেলাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশ চেকপোস্টের ছাদ ও সীমানাপ্রাচীরের ওপর কয়েক মিটার উঁচুতে মাছ ধরার জাল টানিয়ে দেওয়া হয়েছে। এই জালগুলো অনেকটা জেলেরা মাছ ধরার কাজে যে ধরনের জাল ব্যবহার করেন, ঠিক তেমনই। চৌকিটি আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৮ মাইল) দূরে।
পুলিশ পরিদর্শক ফাইয়াজ খান জানান, গত ১৬ এপ্রিল হাঙ্গু জেলার সারকি পিয়ালা পুলিশ চৌকিতে বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়, যার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। একই সঙ্গে তারা পাকিস্তানের ভূখণ্ডে সীমান্তের ওপার থেকে হামলা ঠেকাতে টিটিপিকে বাধা দেওয়ার দাবিও জানিয়ে আসছে। তবে কাবুল অভিযোগ অস্বীকার করে বলেছে, এসব হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়। হাঙ্গুতে এ ধরনের হামলার মধ্যে গত ২৯ জুলাই সবচেয়ে প্রাণঘাতী ঘটনা ঘটে। এতে অন্তত ১১ পুলিশ সদস্য নিহত ও ২৮ জন আহত হন। কয়েক ঘণ্টা ধরে চলা এ হামলায় ১৫ হামলাকারীও নিহত হন। টিটিপি হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, ২০ সেপ্টেম্বর হাঙ্গুতে আরেক দফা গোলাগুলিতে ছয় সেনা ও আট হামলাকারী নিহত হন। ফাইয়াজ খান বলেন, সেদিনের ঘটনাটি ছিল ভয়াবহ। বর্তমানে চেকপোস্টের ওপর জাল বসানোর পর থেকে আর কোনো ড্রোন হামলা হয়নি। তার মতে, কোনো ড্রোন চেকপোস্টের ওপর দিয়ে এলে জালে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা হামলা প্রতিহত করতে বা ড্রোনকে নিষ্ক্রিয় করতে সাহায্য করতে পারে।
হাঙ্গু জেলা পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানিয়েছেন, একটি সাধারণ পুলিশ চৌকিতে জাল বসাতে প্রায় চার লাখ পাকিস্তানি রুপি (১ হাজার ৪৩৫ ডলার) খরচ হয়। তিনি আরও বলেন, ড্রোন হামলার ক্ষয়ক্ষতি কমাতে ঝুঁকিপূর্ণ সব পুলিশ স্টেশন ও চৌকিতে এই জাল স্থাপনের কাজ চলছে। এছাড়া প্রাদেশিক সরকারের কাছে এই উদ্যোগের জন্য আরও অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বর্তমানে কোহাট, কারাক, বান্নু, লাক্কি মারওয়াত ও ডেরা ইসমাইল খানের মতো পাঁচটি ঝুঁকিপূর্ণ জেলার চেকপোস্ট ও পুলিশ ফাঁড়িতে এই জাল বসানো হয়েছে। এছাড়া প্রদেশের কিছু সামরিক চৌকিতেও এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা মনে করছেন, এই জাল ব্যবহারের ফলে ড্রোন সরাসরি নিচে না পড়ে ওপরেই বিস্ফোরিত হতে পারে, যা পুলিশ সদস্যদের ওপর সরাসরি আঘাতের সম্ভাবনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। সশস্ত্র গোষ্ঠীগুলো এখন প্রচলিত গুলিবর্ষণের পাশাপাশি ড্রোন ও কোয়াডকপ্টার ব্যবহার করে হামলা চালাচ্ছে, যা পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

