মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংকট দীর্ঘায়িত হলে তা কেবল মানবিক উদ্বেগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তোলার পাশাপাশি অবৈধ অভিবাসনকেও উসকে দিতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারপার্সন আফসানা বেগম এমপি’র নেতৃত্বে সফররত একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলে হাউস অব কমন্সের সদস্য শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে এবং তারা বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক জোরদারে এপিপিজি’র ধারাবাহিক আগ্রহের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সুসংহতকরণ ও সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সহযোগিতার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, এপিপিজি যুক্তরাজ্য পার্লামেন্ট, বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
বৈঠকে সংসদীয় সহযোগিতা, গণতান্ত্রিক সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী বাংলাদেশের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতি তুলে ধরে যুক্তরাজ্যের পার্লামেন্টের সাথে সম্পৃক্ততা বাড়াতে গ্রুপটির সহযোগিতা কামনা করেন। উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে পারস্পরিক মতামত বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে।

