ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং মসজিদগুলোতে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচয়পর্ব সম্পন্ন হয়। সভায় মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি, বাজেট, জনবল, ভিশন ও মিশন এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পরিকল্পনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
কমিটিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন এবং বিভিন্ন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।
কমিটির সদস্যরা বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন। মসজিদ সংক্রান্ত সিদ্ধান্তের পাশাপাশি সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিদের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে কর্মরত চিকিৎসক এবং কর্মকর্তাদের সেবার মান ও কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে তাদের দ্রুত বদলির ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, মো. জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সুবর্ণা সিকদার এমপি, মো. নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি ও মুহাম্মাদ আব্দুল খালেক এমপি অংশগ্রহণ করেন। এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

