মুন্সীগঞ্জে সাংবাদিকের পিতাকে অপহরণ ও ২ লাখ টাকা চাঁদা আদায়

মুন্সীগঞ্জে দৈনিক মানবজমিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাহিদ হাসানের পিতাকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা আদায়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাজীব হোসেন অপুসহ উপজেলা যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজীব হোসেন অপু মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার মধ্যরাতে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং চাঁদা হিসেবে আদায় করা ২ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার পর মঙ্গলবার দুপুরে অভিযুক্তদের যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

ভুক্তভোগী কাজী মো. হাবিবুর রহমান (৫২) মুন্সীগঞ্জ শহরের কাটাখালী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ওই এলাকায় কাজী হিসেবে নিকাহ্‌ পড়ানো ও বিবাহ নিবন্ধনের কাজ করে আসছেন। অভিযোগ অনুযায়ী, সোমবার দুপুর ২টার দিকে রাজীব ও স্বপনসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে তার বাসায় উপস্থিত হন। তারা বিয়ে পড়ানোর কথা বলে তাকে প্রথমে কাজী অফিসে এবং পরে জোরপূর্বক মুক্তারপুরে নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে স্বপন দাবি করেন যে, তার স্ত্রী ইতি (২৫) গত ১লা অক্টোবর কাজী হাবিবুর রহমানের অফিসে বসে তাকে তালাক দিয়েছেন এবং তিনি সেই তালাক নিবন্ধন করেছেন।

অভিযোগপত্রে হাবিবুর রহমান উল্লেখ করেন, সেখানে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তার লাইসেন্স বাতিল এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। নিজের প্রাণ রক্ষায় তিনি টাকা দিতে রাজি হন এবং অগ্রণী ব্যাংক পিএলসি, মুন্সীগঞ্জ শাখায় নিজের হিসাব থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। পরে স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

সাংবাদিক নাহিদ হাসান জানান, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং তাকে মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। মামলা করলে ভবিষ্যতে কী হতে পারে তা নিয়েও তাকে ভয় দেখানো হয়। তিনি বলেন, রাজীব হোসেন অপুদের একটি বড় সিন্ডিকেট রয়েছে, যেখানে যুবদল, ছাত্রদল ও কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত। প্রথমে পাঁচ লাখ টাকা দাবি করা হলেও পরে দর-কষাকষির মাধ্যমে দুই লাখ টাকা আদায় করা হয়। রাত ১০টার দিকে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামানের পরামর্শে থানায় গেলে অপু টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং ওসির সহায়তায় টাকা উদ্ধার হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিমউদ্দিন জানান, সোমবার দিবাগত রাত ১২টার পর রাজীব অপুসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। সদর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ জানিয়েছেন, চাঁদাবাজ কোনো দুষ্কৃতকারীর ঠাঁই যুবদলে হবে না এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।