দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে প্রীতি ম্যাচে ভারতকে নিয়ে ছেলেখেলা করেছে। আজ তারা গুনে গুনে ছয়বার বল জড়িয়েছে ভারতের জালে। শেষ পর্যন্ত লাতিন আমেরিকার শক্তিশালী দেশটি ৬-১ গোলে হারিয়েছে স্বাগতিক ভারতকে।
ম্যাচের প্রথমার্ধে অবশ্য স্বাগতিক শিবির দারুণভাবে লড়াই করেছে। এই সময়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জালে একবার বলও পাঠিয়েছে তারা। দুর্দান্ত লড়াই করে ভারত প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ছিল। ম্যাচের প্রথমার্ধে অনিরুদ্ধ থাপা ইতিহাস গড়ে একটি গোল করেছিলেন।
তবে দ্বিতীয়ার্ধেই হাফ-ডজন গোল হজম করে বসে স্বাগতিক শিবির। পানামা ম্যাচে ড্র এবং ব্রাজিল ম্যাচের লড়াকু ফলাফল ভারতীয় ফুটবলপ্রেমীদের উরুগুয়ে ম্যাচে ভালো ফলের যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবের রূপ নিল না। বরং বড় হারের লজ্জায় তা রুক্ষ মাটিতে আছড়ে পড়ল।
ম্যাচে চেষ্টার কোনো কমতি ছিল না এবং লড়াই করার মানসিকতাও ছিল প্রশংসনীয়। ৯০ মিনিট মাঠে নিজেদের নিংড়ে দিয়েছেন মনবীর, আপুইয়া ও অনিরুদ্ধ থাপা। কিন্তু দিনের শেষে দুই দলের মধ্যে দক্ষতার যে আকাশ-পাতাল ফারাক, তা আজকের যুবভারতী স্টেডিয়ামে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উরুগুয়ে। শেষমেশ ৬-১ গোলের বড় পরাজয়ই সঙ্গী হলো স্বাগতিক ভারতের।

