শ্রেণিকক্ষে থাকার বয়সে এখন ফ্রান্সের রাজপথে ভিড় করছে কিশোর-কিশোরীরা। কয়েকটি স্কুলে শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা কয়েক সপ্তাহের মধ্যে পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার ৬ অক্টোবর শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমে এসেছেন শিক্ষক, অভিভাবক, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা। এই আন্দোলন এখন কেবল স্কুলের সাধারণ সমস্যা নয়, বরং ফ্রান্সের তরুণদের ভবিষ্যৎ এবং দীর্ঘদিনের শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে একটি বড় জাতীয় বিতর্কে রূপ নিয়েছে।
ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৬ অক্টোবর দেশের ৩ হাজার ৭০০টি লিসের মধ্যে ৮৯১টিতে ক্লাস পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, প্যারিসের বাইরে বিভিন্ন শহরের মিছিলে প্রায় ৮৬ হাজার মানুষ অংশ নিয়েছেন। সব মিলিয়ে সরকারি হিসাবে মঙ্গলবারের বিক্ষোভে সারা দেশে প্রায় ২ লাখ ৫৬ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।
শিক্ষার্থীদের মূল ক্ষোভ শিক্ষা খাতের দৈনন্দিন নানা সংকট ঘিরে। অনেক স্কুলে জরাজীর্ণ ভবন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, শিক্ষক সংকট এবং অনুপস্থিত শিক্ষকের বিকল্প ব্যবস্থা না পাওয়ার মতো অভিযোগ রয়েছে। এছাড়া স্কুল ভবনে পানি পড়া, অতিরিক্ত গরম, অপরিচ্ছন্ন টয়লেট এমনকি ইঁদুরের উপদ্রবের মতো স্বাস্থ্যকর পরিবেশের অভাব নিয়েও তারা সরব। এর পাশাপাশি অতিরিক্ত পড়াশোনার চাপ, দীর্ঘ যাতায়াত এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি ব্যবস্থা 'Parcoursup' নিয়েও শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। বিশেষ করে পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে বৈষম্য নিয়ে বেশি ক্ষুব্ধ, যেখানে মৌলিক অবকাঠামোও পর্যাপ্ত নয়।
আন্দোলন বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংঘাতের ঘটনাও বেড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, এ পর্যন্ত ৬ হাজার ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশ অপ্রাপ্তবয়স্ক। বিচার মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, ১ হাজার ৮০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ২১৫ জন কিশোর, ৮৫ জন স্কুল কর্মকর্তা-কর্মচারী এবং ৭০০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। উত্তর ফ্রান্সের লঁসে পুলিশের গ্রেনেড বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক কিশোর তার হাত ও বাহুর একাংশ হারিয়েছে।
সরকার এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু অনুপস্থিত শিক্ষকদের দ্রুত প্রতিস্থাপন, স্কুল সময়সূচি পর্যালোচনা এবং জরাজীর্ণ ভবন সংস্কারের নির্দেশ দিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের অভিযোগ শোনার জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। অক্টোবরের শেষ নাগাদ সরকার এ বিষয়ে প্রথম প্রস্তাবনা দেবে বলে আশা করা হচ্ছে। তবে আন্দোলনকারীরা শুধু প্রতিশ্রুতি নয়, বরং শিক্ষা খাতে বাস্তব পরিবর্তন ও সমতা দাবি করছেন। ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচন এবং দেশটির ক্রমবর্ধমান বাজেট সংকটের প্রেক্ষাপটে এই আন্দোলনের রাজনৈতিক গুরুত্বও অনেক বেড়ে গেছে।
বিচার মন্ত্রণালয়ের হিসাবে, ১ হাজার ৮০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, যার মধ্যে ১ হাজার ৪৮৩ জন অপ্রাপ্তবয়স্ক।পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সদস্যরাও আহত হয়েছেন।
কিন্তু ফ্রান্সের বর্তমান পরিস্থিতি একটি বিষয় স্পষ্ট করছে, তরুণদের নির্দিষ্ট কোনো দাবি যখন দীর্ঘদিনের সামাজিক অসন্তোষ, বৈষম্য এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের সঙ্গে যুক্ত হয়, তখন তা দ্রুত বৃহত্তর আন্দোলনে রূপ নিতে পারে।বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র আন্দোলন, নেপালে ২০২৫ সালের জেন-জি আন্দোলন কিংবা স্পেনে ২০২৬ সালের আবাসন সংকট ঘিরে বিক্ষোভের অভিজ্ঞতাও দেখিয়েছে, তরুণদের ক্ষোভকে দীর্ঘদিন উপেক্ষা করা হলে তার রাজনৈতিক ও সামাজিক প্রভাব প্রাথমিক দাবির সীমা ছাড়িয়ে যেতে পারে।

