সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটির তালিকা পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অনুমোদনের ফলে সরকারি চাকরিজীবীরা পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা থাকলেও মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তের ফলে ওই দিনও অতিরিক্ত সরকারি ছুটি হিসেবে গণ্য হবে।
এর পরবর্তী দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন। মূলত দুর্গাপূজার নিয়মিত ছুটির সঙ্গে একদিনের অতিরিক্ত ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলে এই পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।

