ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির চেষ্টা করছে সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি জানিয়েছেন যে, কয়েকটি দেশের অংশগ্রহণে এই উদ্যোগটি এগিয়ে নেওয়া হচ্ছে। আল-শারার মতে, এই ধরণের একটি নিরাপত্তা সমঝোতা ভবিষ্যতে চলমান সংকটের একটি বিস্তৃত ও স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারে। একই সঙ্গে তিনি এই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে একটি ব্যাপক শান্তি প্রতিষ্ঠার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।

আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, সম্ভাব্য কোনো চুক্তির ফলে অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার যে অধিকার রয়েছে, তা কোনোভাবেই ক্ষুণ্ন হবে না। তিনি জোর দিয়ে বলেন, ওই ভূখণ্ডের দাবি সিরিয়া কখনোই ছেড়ে দেবে না। এছাড়া তিনি উল্লেখ করেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলার নীতি অনুসরণ করছে। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের পতনের পর আল-শারা ক্ষমতায় আসেন। এরপর থেকেই দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের একাধিক সামরিক অভিযান ও বিমান হামলার ঘটনা ঘটেছে।