ইয়েমেনের হুতি-সৌদি এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গত মাসে হুতিদের দখলে চলে যাওয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর উপকূলীয় এলাকা পুনর্দখল করতে ইয়েমেন সরকারকে সহায়তার লক্ষ্যে সামরিক অভিযানের পরিকল্পনা করছে রিয়াদ। এই সংঘাত চলমান থাকায় শনিবার রিয়াদ ও সানায় হামলার খবর পাওয়া গেছে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সদস্য দেশগুলো ইয়েমেনের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে।
ইরানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হয়েছে। উপসাগরীয় অঞ্চলে কয়েক হাজার অতিরিক্ত সেনা এবং একটি বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে ইরান-বিরোধী অভিযানের আগে যেভাবে মার্কিন সামরিক শক্তি জড়ো করা হয়েছিল, বর্তমান পরিস্থিতি তার সাথে সাদৃশ্যপূর্ণ। ইয়েমেন ও ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ক্যাম্প ডেভিডে আলোচনা করেছেন বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যে কূটনীতির জায়গা ধীরে ধীরে যুদ্ধ দখল করে নিচ্ছে বলে মনে করা হচ্ছে। ইয়েমেনের মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে; লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত এবং জাতিসংঘের তথ্যমতে ২০ লাখ শিশুসহ বিপুল সংখ্যক মানুষ তীব্র খাদ্যসংকটের সম্মুখীন। সংঘাত নিরসনে সৌদি আরব ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি পুনর্বহালে আরব দেশগুলোর সহায়তা প্রয়োজন। হুতিদের উচিত সৌদি আরবের ওপর হামলা বন্ধের পাশাপাশি বাব আল-মান্দেব প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা। অন্যদিকে সৌদি আরবের উচিত হুতি নিয়ন্ত্রিত অঞ্চলের ওপর অবরোধ তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে বিভিন্ন দেশের হস্তক্ষেপ সত্ত্বেও শান্তি আসেনি। ইরানের ক্ষেত্রে ডনাল্ড ট্রাম্পের প্রশাসন নভেম্বরের মার্কিন নির্বাচনের আগ পর্যন্ত বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখলেও নির্বাচনের পর তা শুরু করার পরিকল্পনা করছে বলে আশঙ্কা রয়েছে, যা একটি বড় ভুল হতে পারে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনে ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও হরমুজ প্রণালি বন্ধের ফলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার ইরানের প্রস্তাব ট্রাম্প সম্প্রতি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের উচিত কৌশল পুনর্বিবেচনা করে তেহরানের সাথে সংলাপ শুরু করা এবং ইরাকের মতো উপসাগরীয় অঞ্চল থেকেও মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা গ্রহণ করা।

