ইয়েমেনে হুথিদের ওপর ১,১২২ হামলার দাবি সরকারি বাহিনীর, নিহত ১৭৪৭

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে দেশটির সরকারপন্থি বাহিনী। ইতিমধ্যে হুথিদের বিভিন্ন আস্তানা ও নিয়ন্ত্রণকক্ষে ১ হাজার ১২২টি হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। এসব হামলায় প্রায় ১ হাজার ৭৪৭ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুথি নিয়ন্ত্রিত সব এলাকা পুনর্দখলে বড় ধরনের অভিযান শুরু করার পর এই হামলার বিবরণ সামনে এল। সরকারপন্থি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

আল-নুজাইলি জানান, হুথিদের কামানের অবস্থান, রকেট উৎক্ষেপণকেন্দ্র এবং কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। হামলায় যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট, কামান ও স্নাইপার ব্যবহার করা হয়েছে। তিনি আরও জানান, দেশটির সাদা, আল-জাওফ, তাইজ এবং উপকূলীয় এলাকায় এই অভিযানগুলো চালানো হয়। তবে যুদ্ধক্ষেত্রের এই দাবি ও ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১১: ২৬আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১১: ৩৫