বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ জন কর্মকর্তাকে নতুন পদে বদলি ও পদায়ন করা হয়েছে। এই রদবদলের তালিকায় ৩ জন ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। রবিবার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ, সাবেক এটিইউ) ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে একই কলেজে বদলি করা হয়েছে। এছাড়া অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র্যাপিড ট্রানজিট (মেট্রোরেল) বিভাগে পদায়ন করা হয়েছে।
পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে। একই পদে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে। এছাড়া পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে।
তালিকায় আরও রয়েছেন পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশ্রাফুজ্জামান, যাকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

