বিমানকর্মীর জুতায় লুকানো ৮০টি স্বর্ণের বার উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের স্বর্ণ চোরাচালান নস্যাৎ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে এমিরেটস এয়ারলাইনসের দুই বিমানকর্মীর জুতার ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, সিআইআইডি’র কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থানে ছিলেন। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ‘ইকে০৫৮২’ ফ্লাইটের রানওয়ে এলাকায় তল্লাশি চালিয়ে ওই দুই কর্মীকে আটক করা হয়। জব্দকৃত প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

গ্রেপ্তার হওয়া দুই বিমানকর্মী হলেন মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমান। তারা দু’জনই বিমানবন্দরে এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) হিসেবে কর্মরত রয়েছেন। এই চোরাচালানের সঙ্গে আর কারা জড়িত, স্বর্ণের চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—এসব বিষয় নিয়ে বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।