রাজধানীর তীব্র যানজট নিরসনের লক্ষ্যে বৃত্তাকার সড়ক নির্মাণ প্রকল্পের কাজের গতি বাড়ানোর কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান সব ধরনের প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত দূর করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং প্রকল্পের কাজ শেষ করার জন্য একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী প্রকল্পের নির্মাণকাজে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন।
প্রকল্পের বিদ্যমান পরিকল্পনাগুলো সমন্বিতভাবে পর্যালোচনা করে কাজের গতি বাড়াতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় ৮৯ কিলোমিটার দীর্ঘ এই বৃত্তাকার সড়কটি আব্দুল্লাহপুর রেলগেট থেকে শুরু হয়ে ধউর, বিরুলিয়া, গাবতলী, বছিলা, হাজারীবাগ, সোয়ারীঘাট, কদমতলী, তেঘরিয়া, পোস্তা, ফতুল্লা, চাষাঢ়া ও শিমরাইল হয়ে ডেমরা পর্যন্ত বিস্তৃত। এর আরেকটি অংশ রেলগেট থেকে তেরমুখ, পূর্বাচল ও বেরাইদ হয়ে ডেমরায় গিয়ে মিশবে। বর্তমানে রায়ের বাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশে নির্মাণকাজ চলমান রয়েছে। এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে নগরবাসীকে শহরের ভেতরের যানজটপূর্ণ রাস্তা ব্যবহার না করেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করার সুযোগ তৈরি হবে।
পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

