যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, ভিসা সাক্ষাৎকার বা আবেদন প্রক্রিয়ায় কোনোভাবেই অতীত বা বর্তমানের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন করা যাবে না। আবেদনকারীদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তথ্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই সতর্কবার্তায় বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীত ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত আইন লঙ্ঘনের ইতিহাস সম্পর্কে অবগত থাকেন। তাই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দেওয়া বা কোনো তথ্য লুকানোর চেষ্টা করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
দূতাবাসের বার্তায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে, সাক্ষাৎকারে অবশ্যই সত্য কথা বলতে হবে। মিথ্যা তথ্য প্রদান করলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। অনেক আবেদনকারীই ভিসা ফরম পূরণ বা সাক্ষাৎকারের সময় আগের ভিসা প্রত্যাখ্যান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা (ওভারস্টে) কিংবা অন্যান্য ইমিগ্রেশন জটিলতার তথ্য গোপন করার চেষ্টা করেন। তবে দূতাবাসের নিজস্ব ডেটাবেজ ও যাচাই প্রক্রিয়ায় এসব তথ্য সহজেই ধরা পড়ে।
সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে শুধু ভিসা বাতিলই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী বা দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন সংশ্লিষ্ট আবেদনকারীরা।

