স্পেনে আবাসন সংকটকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে দেশটির রাজপথে। বাড়িভাড়া অস্বাভাবিক বৃদ্ধি, উচ্ছেদের ক্রমবর্ধমান ঝুঁকি এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া আবাসন ব্যয়ের প্রতিবাদে রাজধানী মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে স্পেনে আবাসন ব্যয় এবং ভাড়ার হার বেড়েই চলেছে। বিশেষ করে মাদ্রিদ এবং অন্যান্য বড় শহরগুলোতে সাধারণ আয়ের মানুষের জন্য নিরাপদ আবাসস্থল খুঁজে পাওয়া কিংবা বর্ধিত ভাড়া বহন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বিক্ষোভকারীরা বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছেন। এগুলোর মধ্যে রয়েছে ভাড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা, ভাড়াটিয়াদের যেকোনো প্রকার উচ্ছেদ থেকে সুরক্ষা প্রদান, দীর্ঘমেয়াদি ভাড়ার চুক্তির নিশ্চয়তা এবং স্বল্পমেয়াদি ও পর্যটনভিত্তিক ভাড়ার ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা।
গত শুক্রবার (২ অক্টোবর) স্পেনের পার্লামেন্টে সরকারের দুটি আবাসন সংক্রান্ত ডিক্রি প্রত্যাখ্যাত হওয়ার পর এই আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। প্রথম ডিক্রিতে অসচ্ছল ভাড়াটিয়াদের সুরক্ষা, ভাড়া বৃদ্ধিতে সীমা নির্ধারণ, স্বল্পমেয়াদি ও কক্ষভাড়া নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট ধরনের আবাসন বিনিয়োগের ওপর বিধিনিষেধের প্রস্তাব ছিল। দ্বিতীয় ডিক্রিতে নির্দিষ্ট পরিস্থিতিতে ভাড়ার চুক্তি বাড়ানোর সুযোগ রাখার কথা বলা হয়েছিল।
তবে স্পেনের কংগ্রেসে প্রস্তাবিত এই ডিক্রিগুলো প্রয়োজনীয় সমর্থন লাভে ব্যর্থ হয়েছে। সংসদে ডিক্রি প্রত্যাখ্যাত হওয়ার পর আন্দোলনকারীরা এখন আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। মাদ্রিদের ভাড়াটিয়া সংগঠনের মুখপাত্র ভালেরিয়া রাকু জানিয়েছেন, তারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের দিকে এগোচ্ছেন এবং এ বিষয়ে বড় শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে সাধারণ ধর্মঘটের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

