ভোরের আলো ফোটার আগেই উত্তর কোরিয়া পাহাড় ও সমুদ্রের মধ্যবর্তী অঞ্চল থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল না; বরং এই পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী কয়েক ঘণ্টা আগেই পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার তথ্য নিশ্চিত করেছিল। সিউলের ভাষ্যমতে, ক্ষেপণাস্ত্রটি ৭০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করেছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এই ক্ষেপণাস্ত্রটিকে একটি মধ্যপাল্লার কৌশলগত অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, ক্ষেপণাস্ত্রটি নিচু উচ্চতায় উড়ন্ত অবস্থায় নিজের গতিপথ পরিবর্তনের সক্ষমতা রাখে এবং এতে এআই প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে।
কিম ইয়ো জংয়ের মতে, এই প্রযুক্তির কারণে ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহত করা অত্যন্ত দুরূহ। তিনি আরও দাবি করেন, এমন উন্নত প্রযুক্তি বিশ্বের অন্য কোনো দেশের হাতে আগামী কয়েক বছরেও পৌঁছাবে না।
তবে পিয়ংইয়ংয়ের এই বড় দাবির বিপরীতে সামরিক বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন রয়েছে। সিউলের সামরিক বিশ্লেষক হং সুং-পিও এই দাবিকে এখনই সত্য বলে মানতে নারাজ। তার মতে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখনও বিশ্বের শীর্ষ সামরিক শক্তিগুলোর সমপর্যায়ে পৌঁছায়নি।
যদিও তিনি স্বীকার করেন যে, শেষ পর্যায়ে গতিপথ পরিবর্তন করতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রতিহত করা চ্যালেঞ্জিং, কিন্তু তার মানেই এই নয় যে সেটি নিখুঁত।
আধুনিক যুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাথে এআইয়ের সংযুক্তি সামরিক অভিযানের কার্যকারিতা বাড়িয়ে দিচ্ছে, যা ইউক্রেন ও ইরানের যুদ্ধে পরিলক্ষিত হয়েছে। লক্ষ্য শনাক্তকরণ, উৎক্ষেপণের সিদ্ধান্ত এবং আঘাতের পথ নির্ধারণে এআইয়ের ব্যবহার বাড়ছে। কোরিয়া ইনস্টিটিউট ফর মিলিটারি অ্যাফেয়ার্সের গবেষক হংয়ের মতে, উত্তর কোরিয়া হয়তো সেই বৈশ্বিক ধারায় প্রযুক্তিগত উন্নয়নের চেষ্টা চালাচ্ছে।
এছাড়া রাশিয়ার সঙ্গে দেশটির সামরিক সহযোগিতার বিষয়টিও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে ইউক্রেন যুদ্ধে সহায়তার বিনিময়ে পিয়ংইয়ংয়ের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এদিকে, নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা চরমে ছিল। গত মাসে অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) একটি বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। সিউল ও জাতিসংঘের তদন্তে এই বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়ার পুঁতে রাখা মাইনকে দায়ী করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কাং শিন-চুলের মতে, সীমান্ত বন্ধ করার প্রক্রিয়ার অংশ হিসেবেই পিয়ংইয়ং মাইন ও ট্যাংকবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা বাড়াচ্ছে।
২০২৪ সালে কিম জং উন দক্ষিণ কোরিয়াকে ‘প্রধান শত্রু’ ঘোষণা করার পর থেকেই সীমান্তে এই তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যদিও পিয়ংইয়ং এসব অভিযোগ স্বীকার করেনি।

