রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই সৌর প্যানেল থেকে উৎপাদিত মোট বিদ্যুৎ থেকে ১ হাজার ইউনিট প্রধানমন্ত্রী নিজে ব্যবহার করেছেন এবং অতিরিক্ত ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। গত তিন দিনে এই বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে আয়োজিত এক পর্যালোচনায় সভায় এই তথ্য জানান প্রতিমন্ত্রী। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে একটি ব্যবসায়িক উদ্যোগে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, সমবায় ভবনসহ দেশের সকল জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে সরকারের।
আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাঠ প্রশাসনের কার্যক্রম নিয়ে সভায় প্রতিমন্ত্রী বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যেন তৈরি না হয়, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনকে সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকার এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করবে বলে তিনি জানান।
ইউএনওদের সহায়তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এলাকার গরিব মানুষের জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তার জন্য প্রত্যেক ইউএনওর হাতে ঐচ্ছিক ফান্ড থাকা প্রয়োজন। জনপ্রশাসন মন্ত্রণালয় যদি এই অর্থের জোগান দিতে না পারে, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব খাত থেকে বরাদ্দ নিশ্চিত করবে। এছাড়া বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অতীতে স্বৈরাচারী আমলে সরকারি নির্দেশনা মানতে গিয়ে অনেক কর্মকর্তাকে চাকরি হারাতে হয়েছে, কিন্তু বর্তমান সরকার কাউকে অনৈতিক কোনো কাজ করতে বলবে না। মিরপুরের রাড্ডা সেন্টারের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংসদ সদস্যের ব্যক্তিগত দায় সরকার নেবে না।

