সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী হুতিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি শত্রু প্রজেক্টাইল শনাক্ত করে ধ্বংস করার দাবি করেছে। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় একজন এশীয় প্রবাসী আহত হয়েছেন।
শুক্রবার আসিরের আহাদ রাফিদাহ গভর্নরেটের আকাশে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সৌদি প্রতিরক্ষা বাহিনী এবং সফলভাবে তা ধ্বংস করে। এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়লে এক এশীয় নাগরিক আহত হন। সৌদি জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্সের তথ্যমতে, ধ্বংসাবশেষের আঘাতে একটি ভবনের ভেতরের নামাজের কক্ষ এবং কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানিয়েছেন, একই দিনে হুতি মিলিশিয়া আসিরের খামিস মুশাইত লক্ষ্য করে আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা আকাশেই ধ্বংস করা হয়। এছাড়া শুক্রবার হুতিদের ছোড়া আরেকটি প্রজেক্টাইল নাজরানের একটি স্কুলে আঘাত হেনেছে, যার ফলে স্কুলটির অবকাঠামোর ক্ষতি হয়েছে। দেশটির সিভিল ডিফেন্সের দলগুলো ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে।

