ঢাকার ৪ বারে এনবিআরের অভিযান, তালিকায় সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠান

রাজধানীর চারটি বারে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে এসব পণ্য সরবরাহের অভিযোগে শনিবার (৩ অক্টোবর) এই অভিযান চালানো হয়। এনবিআরের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযান চালানো চারটি প্রতিষ্ঠান হলো আরএ ডাব্লিউ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এর মধ্যে আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম ফু ওয়াং বোওলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মালিক।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিভিন্ন বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পণ্য সরবরাহের অভিযোগ পাওয়ার পর এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়। অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) চারটি দল গঠন করে। এসব দলের সঙ্গে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কর্মকর্তারা যুক্ত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন, তল্লাশি ও নথিপত্র যাচাইয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পণ্য আটকের কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে প্রতিষ্ঠানগুলোর মজুত থাকা পণ্যের বৈধ উৎস, আমদানি ও ক্রয়সংক্রান্ত দলিল এবং রাজস্ব পরিশোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছিল, সালমান মুক্তাদিরের শ্বশুরের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসে অ্যালকোহল পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যমতে, বিদেশি কূটনীতিকদের জন্য শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহকারী ‘টস বন্ড’-এর বিরুদ্ধে পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগে কয়েক মাস ধরে অনুসন্ধান চলছিল।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এছাড়া সম্প্রতি নিজের স্টুডিওতে হামলার ঘটনায় সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে ক্ষমতাসীনদের দায়ী করেছিলেন বলে জানা গেছে।