৭ অক্টোবর থেকে তেজগাঁওয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বিসিক শরৎ মেলা

বাংলার ঐতিহ্য, শরতের শুভ্রতা এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে তুলে ধরতে আগামী ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক শরৎ মেলা-২০২৬’। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এই মেলার আয়োজন করেছে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা।

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বিসিক ভবনের নিচতলায় প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় সর্বমোট ৬০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। দেশীয় ঐতিহ্য ও সৃজনশীলতাকে উৎসাহিত করার পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে এগিয়ে নিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পের উদ্যোক্তারা মেলায় তাদের নান্দনিক ও ঐতিহ্যবাহী মানসম্পন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন।

আগামী ৭ অক্টোবর বেলা ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।