মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে নির্মমভাবে মারধর ও আছাড় দেওয়ার অভিযোগে এক অভিভাবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত ওই অভিভাবকের নাম নাহিদ শেখ। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে। শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে আছাড় দেওয়ার এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে প্রস্তুতিমূলক কুচকাওয়াজ শেষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এর আগের দিন বুধবার ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। ওই ঝগড়ার জেরে এক শিক্ষার্থীকে মারধরের সন্দেহে বৃহস্পতিবার সকালে তার চাচা নাহিদ শেখ বিদ্যালয়ে আসেন এবং সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করেন।
অভিযোগ রয়েছে, শ্রেণিকক্ষে ঢুকেই নাহিদ শেখ একই শ্রেণির ওই শিক্ষার্থীকে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে তাকে তিনবার তুলে মেঝেতে আছাড় দেন। এ সময় ক্লাসে থাকা অন্য শিক্ষার্থীরা ভয়ে চিৎকার ও চেঁচামেচি শুরু করলে শিক্ষকরা দ্রুত সেখানে ছুটে আসেন। পরে প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ অভিযুক্ত নাহিদ শেখকে তাঁর কক্ষে নিয়ে আটকে রাখেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে সিরাজদীখান থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, বুধবার দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। কিন্তু সেই ঘটনার জেরে বৃহস্পতিবার একজন অভিভাবক এসে অন্য শিক্ষার্থীকে এভাবে মারধর করবেন, তা অত্যন্ত লজ্জাজনক। প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানিয়ে সমাধানের চেষ্টা না করে শ্রেণিকক্ষে ঢুকে এমন আচরণ করা কোনোভাবেই ঠিক হয়নি।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া সিরাজদীখানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

