তিন মাসে পোশাক রপ্তানি আয় বাড়ল ৬.১০ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে বা জুলাই থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে মোট ১ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় অর্জিত হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৯৯৭ কোটি ৪২ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে দেশের তৈরি পোশাক রপ্তানিতে ৬.১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এই তিন মাসে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৫৯৬ কোটি ৩৮ লাখ ডলার, যা গত বছরের ৫৫৮ কোটি ডলারের তুলনায় ৬.৮৮ শতাংশ বেশি। অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৪৬১ কোটি ৪৮ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই আয় ছিল ৪৩৯ কোটি ৪ লাখ ডলার, যা ৫.১১ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

মাসওয়ারি হিসাবে সেপ্টেম্বর মাসে রপ্তানি প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি। সেপ্টেম্বর মাসে মোট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩০৮ কোটি ৩০ লাখ ডলার, যেখানে গত বছরের সেপ্টেম্বরে আয় ছিল ২৮৩ কোটি ৯৮ লাখ ডলার। ফলে সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ৮.৫৬ শতাংশ। এই মাসে নিট পোশাক রপ্তানি ৮.৫৮ শতাংশ বেড়ে ১৭৭ কোটি ডলার এবং ওভেন পোশাক রপ্তানি ৮.৫৪ শতাংশ বেড়ে ১৩১ কোটি ৩০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

চলতি অর্থবছরের শুরুটা অবশ্য কিছুটা ধীরগতির ছিল। জুলাই মাসে মোট রপ্তানি আয় ছিল ৩৮৮ কোটি ৬৭ লাখ ডলার, যা আগের বছরের জুলাইয়ের ৩৯৬ কোটি ২৭ লাখ ডলারের তুলনায় ১.৯২ শতাংশ কম। জুলাই মাসে নিট পোশাক রপ্তানি ০.৯০ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি ৩.১৬ শতাংশ কমেছিল। তবে আগস্ট মাসেই পরিস্থিতির উন্নতি ঘটে। আগস্টে মোট পোশাক রপ্তানি আয় দাঁড়ায় ৩৬০ কোটি ৮৯ লাখ ডলার, যা আগের বছরের আগস্টের তুলনায় ১৩.৯২ শতাংশ বেশি। আগস্টে নিট পোশাক রপ্তানি ১৪.৮৮ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি ১২.৭০ শতাংশ বেড়েছে।

সামগ্রিকভাবে অর্থবছরের প্রথম তিন মাসে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩০৯ কোটি ৪১ লাখ ৩০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১ হাজার ২৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ডলার। ফলে পণ্য রপ্তানিতে সামগ্রিক প্রবৃদ্ধি হয়েছে ৬.৩৪ শতাংশ।