ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

ময়মনসিংহে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাতজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর পূর্ব গন্দ্রপা বাইপাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষের সময় অটোরিকশাটিতে সাতজন যাত্রী ছিলেন এবং ঘটনাস্থলেই তাদের সবার মৃত্যু হয়। নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা হলেন জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) এবং মর্জিনার পাঁচ বছর বয়সী ছেলে মিনান।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযানে স্থানীয় লোকজন ও পুলিশ সহায়তা করে। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যাওয়ার কারণে ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হয়। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা জুলহাস উদ্দিন।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার পর ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরে পুলিশ সেটি আটক করতে সক্ষম হয়। পুলিশের রেকারের মাধ্যমে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ তাদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।