নোয়াখালীতে কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫ শতাধিক

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে জেলাজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। জেলা শহর মাইজদী ও বেগমগঞ্জের চৌমুহনীসহ বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত পাঁচ দিনের ধারাবাহিক অভিযানে জেলাজুড়ে পাঁচ শতাধিক কিশোরকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানে এ পর্যন্ত ৪৬৯ জনকে আটক করার বিষয়টি রেকর্ড করা হয়েছে। তবে আটককৃতদের মধ্যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা নেই, তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ বা মামলা রয়েছে, তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বর্তমানে সমাজে একটি বড় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ইতিমধ্যে পাঁচ শতাধিক কিশোরকে আটক করা হয়েছে এবং অপরাধে জড়িতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নোয়াখালীর নয়টি উপজেলায় প্রায় অর্ধশত কিশোর গ্যাংয়ের গ্রুপ সক্রিয় রয়েছে। এর মধ্যে কেবল নোয়াখালী পৌরসভা এলাকাতেই রয়েছে প্রায় ২৫টি গ্রুপ। এসব গ্রুপ আবার ছোট ছোট উপদলে বিভক্ত হয়ে নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। এনটিএস (NTS), বিটিআর (BTR), কেটিজি (KTG)-সহ বিভিন্ন নামে এসব গ্রুপ গড়ে উঠেছে। পৌর এলাকার মাইজদী হাউজিং, পৌর পার্ক, hospital রোড, মুরগির ফার্ম, জহিরুল হক মিয়ার গ্যারেজ, কোর্ট স্টেশন, নাপিতের পোল, খন্দকারপাড়া, বচিরার দোকান, মাস্টারপাড়া, মাইজদী বাজার, স্টেশন রোড, দত্ত বাড়ির মোড়, সোনাপুর কাঠপট্টি, বিসিক শিল্পাঞ্চলের ব্রিজ, কৃষ্ণরামপুর বোর্ড অফিস, পূর্ব কাদিরহানিফ ইসমাইলের মোড়, হরিনারায়ণপুর এবং কালিতারা বাজারসহ বিভিন্ন পয়েন্টে এদের আড্ডা ও তৎপরতা বেশি দেখা যায়।

এই কিশোররা সাধারণত স্কুল-কলেজের আশপাশ, বিনোদন কেন্দ্র, রাস্তার মোড়, কালভার্ট, চায়ের দোকান, পরিত্যক্ত বাড়ি ও বাগানবাড়িতে আড্ডা জমায়। স্কুল ছুটির পর বিদ্যালয়ের মাঠেও এদের উপস্থিতি লক্ষ করা যায়। কিছু গ্রুপ প্রকাশ্যে তৎপরতা চালালেও অনেকে ফেসবুক, টিকটক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। এদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ইভ টিজিং, মাদক কারবার, চাঁদাবাজি, মোটরসাইকেল ও মোবাইল চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এমনকি গত এক বছরে জেলায় প্রায় হাফ ডজন খুনের ঘটনার পেছনেও কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা এসেছে। স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো ক্ষেত্রে এই অপরাধীদের পেছনে স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয় রয়েছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, কোনো কিশোর হুট করে অপরাধী হয়ে ওঠে না। পারিবারিক দূরত্ব, খারাপ সঙ্গ, মাদকের সহজলভ্যতা, গ্যাংয়ের প্রভাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক ব্যবহার তাদের ভুল পথে ধাবিত করে।

নোয়াখালী কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, অপরাধে জড়িত কিশোরদের আইনের আওতায় রাখা জরুরি। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, তাদের অভিভাবকদের ডেকে এনে কাউন্সিলিং করা প্রয়োজন। এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে পরিবার ও সমাজকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।