চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে পাউরুটি তুলে দেওয়া ৯ বছরের শিশু তুবার হাত ধরে তাকে স্কুলে নিয়ে এসেছেন উজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। বৃহস্পতিবার মেয়েটি পুনরায় তার প্রিয় বিদ্যালয়ে ফিরেছে, যেখানে দীর্ঘদিন পর শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে তার দেখা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সেই হৃদয়স্পর্শী ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। এটি শিশুটির স্বাভাবিক জীবন ও শিক্ষাজীবনে ফেরার ক্ষেত্রে একটি বড় মানবিক পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয়রা। গত ২৬ সেপ্টেম্বর ভোরে বামরাইল বাজারে অনিক হাওলাদারকে চুরির অভিযোগে স্থানীয়রা খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার মেয়ে তুবা। বাবাকে মারধর না করার জন্য কান্নাকাটি করে অনুরোধ করার পাশাপাশি সে চা ও রুটি এনে বাবাকে খাইয়ে দেয় এবং বাবার শরীরের ব্যথার জায়গায় হাত বুলিয়ে দেয়। এই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
ঘটনার পর গত ২৭ সেপ্টেম্বর ইউএনও মোহাম্মদ আলী সুজা অনিকের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং মানবিক সহায়তা প্রদান করেন। এরপর ২৮ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে অনিককে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়। একই সঙ্গে তুবার ভবিষ্যৎ নিয়ে উপজেলা প্রশাসন কাজ করার আশ্বাস দেয়। সেই ধারাবাহিকতায় আজ তাকে তার প্রিয় বিদ্যালয়ে ফিরিয়ে নেওয়া হলো।
ইউএনও মোহাম্মদ আলী সুজা বলেন, তুবার স্বপ্ন অনেক বড় এবং তার স্বপ্ন পূরণে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। তার পড়াশোনা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে। বাবার প্রতি ছোট্ট তুবার নিঃশর্ত ভালোবাসার দৃশ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেলেও ঘটনাটি একই সঙ্গে শিশুদের নিরাপত্তা, মানসিক সুস্থতা ও শিক্ষাজীবন নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে। কঠিন পরিস্থিতির মধ্যেও তুবার বিদ্যালয়ে ফিরে আসা তার স্বাভাবিক জীবনে ফেরার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

