চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল আফনান হাসান ইমরানকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের যে তথ্য ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতারা। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে ‘চট্টগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে মিছিলও হয়েছে বলে জানা গেছে।
মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির এই সংবাদকে ভিত্তিহীন উল্লেখ করে বলেছেন, তার সঙ্গে কোনো কথা না বলেই তার বক্তব্য জুড়ে দিয়ে সংবাদটি তৈরি করা হয়েছে। তিনি স্পষ্ট করেন, জামায়াতে ইসলামী এমন কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, আফনান ছাত্রশিবিরের একজন দায়িত্বশীল, তাই তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল ছাত্রশিবিরেরই রয়েছে। কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে জনশক্তিকে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
মিরসরাই পৌরসভা জামায়াতের আমির শিহাব উদ্দিনও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানান, আফনান হাসান ইমরান জামায়াতের কোনো নেতা নন, তিনি ছাত্রশিবিরের দায়িত্বশীল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্রশিবিরের কোনো দায়িত্বশীল সদস্যকে জামায়াত বহিষ্কার বা অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাখে না। তিনি আরও উল্লেখ করেন যে, শরিয়াহবিরোধী কর্মকাণ্ডের দায় কোনো ব্যক্তি বিশেষের, তার দায় জামায়াত গ্রহণ করে না।
ভুক্তভোগী আফনান হাসান ইমরান জানান, গণমাধ্যমে তাকে ফোনে পাওয়া যায়নি বলে উল্লেখ করা হলেও তার ফোন সচল ছিল। তিনি এ ধরনের যাচাই-বাছাইহীন সাংবাদিকতাকে ‘অপসাংবাদিকতা’ হিসেবে আখ্যায়িত করে এর অবসান চেয়েছেন। বহিষ্কারের গুজব কেন্দ্র করে ছাত্রদলের মিছিলের বিষয়টি নিয়ে তিনি সহানুভূতি প্রকাশ করলেও, গুজব নিয়ে ব্যস্ত থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে, বিএনপির সঙ্গে মিলে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কারের যে দাবি তোলা হয়েছে, তা নিয়ে তিনি পালটা প্রশ্ন রেখে বলেন, চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হলে ছাত্রদল কেন মিছিল করল, তা দলীয় শৃঙ্খলা ভঙ্গের আওতায় পড়ে কি না।
সাবেক মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের কলেজবিষয়ক সম্পাদক সাকিব হোসাইনও বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ছাত্রশিবির ও জামায়াতের গঠনতন্ত্র সম্পূর্ণ আলাদা। এক সংগঠন অন্য সংগঠনের সদস্যের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে পারে না। তিনি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের তাগিদ দিয়ে একে হলুদ সাংবাদিকতা বলে মন্তব্য করেছেন।

