তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা বাজারে অস্থিরতা নিরসনে কঠোর অবস্থানে রয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)। সংগঠনটির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে হবে। কোনো পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেন কিংবা নিয়মবহির্ভূতভাবে গ্যাস মজুত করেন, তবে তা আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাজারে এলপিজির কোনো সরবরাহ সংকট নেই বলে এলওএবির বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে দেশে ১ দশমিক ৫৬ লাখ মেট্রিক টন এবং আগস্ট মাসে ১ দশমিক ৫৮ লাখ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চাহিদার তুলনায় এই সরবরাহ পর্যাপ্ত হওয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে ৩০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রী জেলা প্রশাসকদের এলপিজির বাজার মনিটর করার কঠোর নির্দেশ দিয়েছেন। এলওএবি জানিয়েছে, তারা সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসনিক কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সার্বক্ষণিক সহযোগিতা বজায় রাখবে। উল্লেখ্য, বর্তমানে সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করে দিলেও খুচরা পর্যায়ে তা ২১০০ থেকে ২৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিক্রেতারা ডিলারদের কাছ থেকে বেশি দামে কেনার অজুহাত দেখালেও সরকার এখন এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

