সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্তে প্রাথমিক সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, দলীয় ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয়। তিনি বলেন, দলীয় ব্যবস্থা হচ্ছে দলের পক্ষ থেকে সাংগঠনিক পদক্ষেপ, যা আইনের বাইরের একটি প্রক্রিয়া। অন্যদিকে, আইনি ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে যদি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং চার্জশিট হয়, তবে তাকে অবশ্যই আদালতের এখতিয়ারে যেতে হবে এবং আইনের মুখোমুখি হতে হবে। তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সঠিক হবে না বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ সদস্য মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং এটি মাননীয় স্পিকারের সংরক্ষিত বিষয়। স্পিকারই এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারবেন। এসময় তিনি দলীয় বিষয়ের ক্ষেত্রে ধৈর্য ধরার অনুরোধ জানান।
একই সংবাদ সম্মেলনে মিরপুরে চলমান উচ্ছেদ অভিযান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ফুটপাত ও সড়ক হকারমুক্ত করা নাগরিকদের দীর্ঘদিনের দাবি। আজকে মিরপুরে উচ্ছেদ অভিযান চলছে এবং ১০ জনকে আটকও করা হয়েছে। যত্রতত্র হকার বসার ফলে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে, যা জনস্বস্তির পরিপন্থী। তিনি জানান, হকারদের কর্মসংস্থান রক্ষায় বিকল্প ব্যবস্থা বা হলিডে মার্কেট তৈরির চিন্তা করা হচ্ছে। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত উচ্ছেদ অভিযানে পুলিশ সহায়তা দিয়ে থাকে। তবে এই কার্যক্রম কাউকে বেকার করার জন্য নয়, বরং নাগরিকদের চলাচলের স্বাধীনতা ও সড়কের শৃঙ্খলা নিশ্চিত করার জন্যই পরিচালিত হচ্ছে বলে মন্ত্রী মন্তব্য করেন।

