কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেলের ওয়াশরুম থেকে কুলসুমা আক্তার নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্ট্যান্ড পার্ক রিসোর্টের তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বাড়ি ঈদগাঁও উপজেলার চান্দেরঘোনা এলাকায় এবং তিনি আলমের মেয়ে।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত ৩টার দিকে কুলসুমা আক্তার এক অজ্ঞাত যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কক্ষে ওঠেন। হোটেলের রেজিস্টারে তাদের ঠিকানা ঈদগাঁও উপজেলার ভাদিতলা হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরদিন কক্ষ পরিষ্কার করতে গিয়ে ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী। পরে ওয়াশরুমে কুলসুমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় হোটেলের ওই কক্ষে থাকা দুই বছরের শিশুসন্তানকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের স্বামী হারুনের সঙ্গে একটি মামলা চলমান রয়েছে এবং সেই মামলার হাজিরা দিতেই তিনি কক্সবাজার এসেছিলেন। পুলিশ নিশ্চিত হয়েছে যে, হোটেলে কুলসুমার সঙ্গে থাকা যুবকটি তার স্বামী নন। যদিও হোটেলের কর্মচারীরা ওই যুবকের নাম আরফান বলে জানিয়েছেন, তবে তার প্রকৃত পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি কুলসুমার পূর্বপরিচিত ছিলেন কি না বা কীভাবে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছে।

