গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ইমন ও রিফাত নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টঙ্গী পূর্ব থানার রেলব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত প্রায় ২০ ঘণ্টা পার হয়ে গেলেও শিশু দুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পাঁচ শিশু মিলে তুরাগ নদে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে স্রোতের তোড়ে ইমন ও রিফাত তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের সঙ্গে থাকা অপর তিন শিশু আতঙ্কিত হয়ে নদ থেকে উঠে আসে এবং স্থানীয়দের বিষয়টি অবগত করে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
সংবাদ পাওয়ার পর টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাতভর তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান অব্যাহত থাকলেও নিখোঁজ শিশুদের খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ পরিচালনায় বেশ বেগ পেতে হচ্ছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ‘আমরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। এখনো শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। নদে স্রোত থাকায় তাদের সন্ধান পেতে সমস্যা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
এদিকে, প্রিয় সন্তানদের নিখোঁজের খবরে নদপাড়ে ভিড় করেছেন স্বজনরা। দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। তারা এখনো ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতার দিকে তাকিয়ে আছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তুরাগ নদের ওই এলাকায় স্রোত থাকলেও শিশুরা প্রায়ই দলবেঁধে সেখানে সাঁতার কাটতে নামে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসের এই উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন।

