জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দেশজুড়ে আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়া জোরদার করা হয়েছে। দলটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, দেশের ৫০০টি উপজেলার মধ্যে এখন পর্যন্ত ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
সাংগঠনিক অগ্রগতির তথ্য তুলে ধরে সারজিস আলম বলেন, ঢাকা মহানগর বাদে দেশের অন্য ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টিতে ইতিমধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের এই কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের সব ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা ও মহানগরের পাশাপাশি পৌরসভা পর্যায়েও কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। সারজিস আলমের তথ্যমতে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে দেশের ৩৩০টি পৌরসভায় আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে দল কাজ করে যাচ্ছে। এনসিপির সাংগঠনিক বিস্তারের অংশ হিসেবে ধারাবাহিকভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

