অন্যের নামে চুক্তি করে স্টুডিও করেছিলেন সালমান মুক্তাদির

রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে দুই শতাধিক মানুষের হামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউন ফিস’ ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাবেক সেনা কর্মকর্তাসহ এ পর্যন্ত অন্তত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ঘটনার পর নিউগিনি প্রপার্টিজ ও সালমান মুক্তাদিরের স্টুডিও নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

নথি বলছে, ৫ হাজার বর্গ ফুটের ওই শেডের ভাড়ার চুক্তিপত্রে সালমান মুক্তাদিরের নাম নেই। নিউগিনি প্রপার্টিজের মালিক জুলাই হত্যা মামলার আসামি নিজাম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে চার বছরের জন্য শেডটির চুক্তি করেন সালমান মুক্তাদিরের বন্ধু এসএম রিফাত মেনন। ২০২৫ সালের ১লা নভেম্বর ১শ’ টাকার তিনটি স্ট্যাম্পের ওই চুক্তিপত্রে দেখা যায়, প্রথম পক্ষ হিসেবে নাম রয়েছে— মো. নাজিম উদ্দিন ভূঁইয়ার। বাসা ৫১২/১০, মানিকদি রোড, ক্যান্টনমেন্ট থানা। আর দ্বিতীয় পক্ষের ঘরে রয়েছে এসএম রিফাত মেননের অফিস। রোড নম্বর ৯, মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টার, মিরপুর। চুক্তিতে আরও উল্লেখ করা হয়— ‘ঢাকা-১২০৬ এর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মানিকদি রোডের ৫১২/১০ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত রাজউক অনুমোদিত ৬তলাবিশিষ্ট আবাসিক ভবনটি সম্পূর্ণভাবে ইজারা প্রদানকারীর মালিকানাধীন এবং তিনি এর আইনগত স্বত্ব ও দখলের অধিকারী। সম্পত্তিটির মোট আয়তন ৬ হাজার ৮০০ বর্গফুট। এর মধ্যে ইজারাযোগ্য অংশের (পূর্ব ও উত্তর দিক) আয়তন ৫ হাজার বর্গফুট। ইজারা গ্রহীতা শুধুমাত্র অফিস এবং স্টুডিওর কাজে ব্যবহারের উদ্দেশ্যে ওই সম্পত্তিটি ইজারা নিতে ইচ্ছুক। ইজারাদাতা ইজারাগ্রহীতাকে নির্ধারিত ভাড়া এবং এই চুক্তিতে বর্ণিত শর্তাবলি ও নিয়মাবলি সাপেক্ষে চার বছরের মেয়াদে ইজারাভুক্ত সম্পত্তিটি ইজারা প্রদান করেছেন। ইজারাগ্রহীতার জন্য ইজারাভুক্ত সম্পত্তির ভাড়াটিয়া হিসেবে মেয়াদকাল ১লা নভেম্বর ২০২৫ তারিখে শুরু হবে এবং ৩১শে অক্টোবর ২০২৯ তারিখে সমাপ্ত বলে গণ্য হবে। এ কারণে ১লা নভেম্বর ২০২৫ তারিখে ইজারাদাতা ইজারাগ্রহীতাকে সম্পত্তিটির নিরঙ্কুশ ও দখলমুক্ত অধিকার হস্তান্তর করবেন। ১লা জানুয়ারি ২০২৬ তারিখ থেকে ইজারাভুক্ত সম্পত্তির মাসিক ভাড়া হবে এক লাখ পঁচিশ হাজার টাকা।’

চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, ইজারাগ্রহীতা অর্থাৎ এসএম রিফাত মেনন কাউকে সাব-লেট বা তৃতীয় পক্ষকে ভাড়া দিতে পারবেন না। অথচ সেখানে সালমান মুক্তাদির তার স্টুডিও তৈরি করেছিলেন। ঘটনার পর সালমান মুক্তাদির গণমাধ্যমকে বলেছিলেন, যারা হামলা করেছে তারা জানত না এটি তার স্টুডিও। আবার তিনি এও দাবি করেছিলেন, প্রপার্টির মালিক আওয়ামী লীগ নেতা হওয়ায় চাঁদা দাবির জেরে এই হামলা হয়েছে।

পল্টন থানার এক জুলাই হত্যা মামলার (সিআর মামলা নং ৭০৪/২০২৫) নথিতে দেখা যায় নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিন ভূঁইয়া ২৪৭ নম্বর আসামি। আর এই আওয়ামী লীগ নেতাকে জুলাই হত্যা মামলা থেকে সুরক্ষা দিতে এসএম রিফাত মেনন ওই ফ্ল্যাট ভাড়া নেন। এর পুরোটাই জানতেন সালমান মুক্তাদির। এরই মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সালমান মুক্তাদিরের সকল ব্যাংক হিসাবের তথ্য, কেওয়াইসি ও লেনদেনের বিবরণ চেয়ে বিভিন্ন ব্যাংকে ই-মেইল পাঠিয়েছে।

অন্যদিকে, নিউগিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার করা মামলায় জমি দখল ও পূর্বশত্রুতার জেরে হামলার অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। ডিবি পুলিশের গুলশান বিভাগ সেগুনবাগিচা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে। এছাড়া কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।