চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে ব্যাংকগুলো থেকে সরকার ১৬ হাজার ৬০১ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে। গত অর্থবছরের একই সময়ে এই ঋণের পরিমাণ ছিল মাত্র ৩ হাজার ২৫৬ কোটি টাকা। সেই হিসাবে আগের অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে সরকারের ব্যাংক ঋণ গ্রহণের হার ৪১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণের পরিমাণ বাড়লেও সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া আগের ধার পরিশোধ করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ১৬ হাজার ৬০১ কোটি টাকা ঋণ নিলেও একই সময়ে কেন্দ্রীয় ব্যাংকে ৩ হাজার ৭২৮ কোটি টাকা পরিশোধ করেছে। ফলে এই দুই মাসে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৮৭২ কোটি টাকা।
ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে না পারায় সরকার পরিচালন ও উন্নয়ন ব্যয় মেটাতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছে। দেশে বেসরকারি খাতের ওপর চাপ এবং গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হচ্ছে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার ব্যাংকিং ব্যবস্থা থেকে মোট ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেই হিসাবে অর্থবছরের প্রথম দুই মাসেই সরকার পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার ১১ দশমিক ৪৯ শতাংশ ঋণ গ্রহণ করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের নেওয়া ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৮ হাজার ২৫ কোটি টাকা, যা গত জুন মাসের শেষে ছিল ৫ লাখ ৯১ হাজার ৪২৪ কোটি টাকা। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণের স্থিতি কমে হয়েছে ৯০ হাজার ৩২২ কোটি টাকা, যা জুন মাসে ছিল ৯৪ হাজার ৫১ কোটি টাকা।
ব্যাংক কর্মকর্তারা জানান, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে নেমে যাওয়ায় সরকার ঋণ নেওয়ায় আপাতত কোনো সমস্যা হচ্ছে না। তবে সরকারের ঋণের সুদের হার কমে আসায় ব্যাংকগুলোর আয় কমে গেছে এবং অনেক ক্ষেত্রে আমানতের সুদের হারের নিচে নেমে এসেছে সরকারের ঋণের সুদের হার। এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ২০ শতাংশ কমেছে। ভ্যাট জমা দেওয়ার নিয়ম তিন মাস অন্তর করার ফলে এই আদায় কমে গেছে, তবে সরকার এখন পুনরায় মাসভিত্তিক ভ্যাট জমার নিয়ম কার্যকর করার উদ্যোগ নিচ্ছে।
চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ব্যাংকগুলো থেকে ১৬ হাজার ৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।

