চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যায় ৭ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণ ও হত্যার ঘটনায় চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নিহতের বড় ভাই কাইছার হামিদ বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় একই পরিবারের ছয়জনসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় দুইজন নারীও রয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের পর থেকে এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৭ অক্টোবর রাতে চকরিয়া পৌর সদরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে কাকারা ইউনিয়নের বাড়িতে ফিরছিলেন জিসান। রাত ১২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা ছাবের সওদাগরের দোকানের সামনে পৌঁছালে মুখোশধারী ৫-৬ জন যুবক তাকে একটি সাদা মাইক্রোবাসে করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা পরে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন যে, অপহরণকারীরা জিসানকে জিম্মি করে চকরিয়া পৌর সদরের সবুজবাগ আবাসিক এলাকার ‘কবির টাওয়ার’ নামক বাড়িতে নিয়ে যায়।

নিহত জিসানের বড় ভাই কাইছার হামিদ জানান, তারা কবির টাওয়ারে গিয়েও ভাইয়ের কোনো খোঁজ পাননি। পরবর্তীতে রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে তল্লাশি চালায়। একই সময়ে মালুমঘাট হাইওয়ে পুলিশের মাধ্যমে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া পাহাড়ি ঢালা এলাকায় মহাসড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে নিহতের পরিবার জিসানের মরদেহ শনাক্ত করে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন কৈয়ারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরুল হোসেনের কন্যা রেজিয়া সোলতানা, তার ভাই মিজানুর রহমান, মোহাম্মদ জকরিয়া, মিনহাজ উদ্দিন, নাজেম উদ্দিন ও তার স্ত্রী। তারা বর্তমানে চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকার কবির টাওয়ারে বসবাস করেন। এছাড়া এ কে তারেক নামে আরও একজনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলায় আসামি হিসেবে দেখানো হয়েছে।

নিহত ইসফাতুল ইসলাম জিসান কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে নিজ গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ০৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ০৯