বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ। রেওয়াজ অনুযায়ী বিদেশ সফর শেষে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব এবং প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের বিষয়গুলো প্রেসিডেন্টকে অবহিত করেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের বিষয়গুলো তুলে ধরেন। প্রেসিডেন্ট ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভাষণটিকে দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক হিসেবে অভিহিত করে বলেন, এটি বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। প্রেসিডেন্ট মনে করেন, এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণে ভূমিকা রাখবে। তারা এ সময় জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়েও আলোচনা করেন।

একই দিনে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় জাপানের সম্রাট নারুহিতোর অভিনন্দন বার্তা হস্তান্তর করেন। প্রেসিডেন্ট এই বার্তার জন্য সম্রাটকে ধন্যবাদ জানিয়ে তার ও জাপানের জনগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

অন্যদিকে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে প্রেসিডেন্ট জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি এআই-এর নিয়ন্ত্রণহীন ব্যবহার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় উপাচার্য প্রেসিডেন্টকে কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।