চট্টগ্রামের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ও ভূমিধসের শঙ্কা

মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

প্রবল বর্ষণের ফলে এসব জেলার পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে।