চাঁদাবাজদের ভিক্ষা দিতে মোড়ে মোড়ে দানবাক্স স্থাপনের আহ্বান

চাঁদাবাজি নির্মূলের লক্ষ্যে অভিনব প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের শীর্ষস্থানীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দেশের প্রতিটি মোড়ে ও এলাকায় ‘চাঁদাবাজ পুনর্বাসন দানবাক্স’ স্থাপন করা হয়। তাদের ভাষ্যমতে, এই বাক্সে সংগৃহীত অর্থ থেকে চাঁদাবাজদের ‘ভিক্ষা’ দেওয়া হবে, যার মাধ্যমে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এমন ব্যবস্থা থাকলে চাঁদাবাজরা আর সাধারণ মানুষের বাড়িঘর বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটে লিপ্ত হবে না বলে তারা মনে করছেন।

সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটর–হাতিরপুল এলাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উদ্যোগে আয়োজিত এক প্রতীকী কর্মসূচিতে এই দানবাক্সগুলো প্রদর্শন করা হয়। বাক্সের গায়ে চাঁদাবাজদের কর্মকাণ্ডের ছবিসহ ‘চাঁদাবাজদের মবতন্ত্র!’ এবং ‘চান্দা ভাইকে চাঁদা নয়, ভিক্ষা দিন’ এমন বার্তা লেখা ছিল। কর্মসূচির শুরুতে রূপায়ণ ট্রেড সেন্টারের নিচে এনসিপির নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা দাবি করেন, বিএনপি সরকারের আমলে চাঁদাবাজি এমন পর্যায়ে পৌঁছেছে যে চরে মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হচ্ছে। এছাড়া হাসপাতাল, কাঁচাবাজার ও পরিবহন খাতসহ সব শ্রেণির ব্যবসায়ী চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা ৫-১০ টাকা চাঁদাবাজদের জন্য এই দানবাক্সে দেবেন। বিএনপির যেসব চাঁদাবাজ নেতা-কর্মী আছেন, আপনারা এই দানবাক্স থেকে টাকা নিয়ে যাবেন, তবু আমাদের বাড়িঘর-হাসপাতাল ভাঙার দরকার নেই।’ তিনি আরও যোগ করেন, তারা চান বাংলাদেশের প্রতিটি জায়গায় এমন দানবাক্স গড়ে উঠুক, যেন চাঁদাবাজদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং তারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে।

কর্মসূচির একপর্যায়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সমবেত নেতা–কর্মীদের নিয়ে মিছিল করেন এবং ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান যেন প্রতিটি দোকানে এমন ভিক্ষার বাক্স রাখা হয়। হাতিরপুলের মোতালিব প্লাজার সামনে সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘যদি কোনো চাঁদাবাজ দোকানে আসে, বলবেন যে আমরা চাঁদাবাজির টাকা দিতে চাই না, তোমরা যারা ভিক্ষা করতে এসেছ, ভিক্ষার বাক্স নিয়ে যাও। বাংলাদেশে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম।’ কর্মসূচিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ দলের অন্যান্য নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন।