আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকা ঋণ সহায়তা

দেশের ব্যাংকিং এবং আর্থিক খাতের বিদ্যমান দুর্বলতা কাটিয়ে উঠতে এবং খাতটিকে ঢেলে সাজাতে বিশ্বব্যাংক ১ হাজার ২৬১ কোটি টাকা ঋণ দিচ্ছে। ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট (এফএসএসপি-২)’ শিরোনামের এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের আর্থিক খাতের সুরক্ষা জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালীকরণ এবং খাতটির সংস্কার কার্যক্রমকে ত্বরান্বিত করা হবে।

প্রকল্পটির মাধ্যমে আইসিটি অবকাঠামো উন্নয়ন, পারফরম্যান্সভিত্তিক শর্তাবলির আলোকে আর্থিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ডিআইটিএফের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক রেজল্যুশন ও পুনর্গঠনের মাধ্যমে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার জানান, মঙ্গলবার সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য একনেক সভায় অনুমোদনের জন্য ১৫টি প্রকল্পের সাথে এই প্রকল্পটি উপস্থাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পরিকল্পনা বিভাগের তথ্য অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৬১ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন মাত্র ১৪ কোটি ৭৬ লাখ টাকা এবং বাকি অর্থ বিশ্বব্যাংক ঋণ হিসেবে প্রদান করবে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। সচিব এস এম শাকিল আখতার জানান, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা, সম্পদে অসুলভতা, প্রশাসনিক অদক্ষতা এবং দুর্বল প্রযুক্তিগত সক্ষমতার মতো প্রতিবন্ধকতা নিরসনই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

দীর্ঘদিন ধরে উচ্চ মাত্রার নন-পারফর্মিং লোন (এনপিএল), সুশাসনের অভাব এবং পুরোনো আইসিটি ব্যবস্থার কারণে দেশের আর্থিক খাত বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে সরকারি ও ইসলামী ব্যাংকগুলোর তারল্য ও মূলধন সংকট এবং সাইবার আক্রমণের ঝুঁকি আর্থিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকল্পের একটি বড় অংশ ব্যয় করা হবে প্রযুক্তি অবকাঠামো উন্নয়নে। এর মধ্যে ৭১১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা আইসিটি সরঞ্জাম কেনায়, ৩৫৫ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকা সফটওয়্যারের জন্য এবং ৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার টাকা ডেটাবেজ তৈরিতে রাখা হয়েছে।

এছাড়াও প্রশিক্ষণের জন্য ৭০ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার আওতায় ৩ হাজার ৫৬৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। পরামর্শক নিয়োগের জন্য বরাদ্দ রয়েছে ৯৪ কোটি ৪৩ লাখ ৬২ হাজার টাকা। রাজস্ব খাতে ১৮৮ কোটি ২৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ের সংস্থান রাখা হয়েছে। তবে নতুন গাড়ি কেনার সুযোগ না থাকলেও প্রয়োজনে চুক্তিভিত্তিক পরিবহন ব্যবহারের শর্ত দেওয়া হয়েছে। পূর্বের প্রকল্পের ধারাবাহিকতায় নেওয়া এই উদ্যোগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাসনব্যবস্থা ও আর্থিক স্থিতিশীলতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।