রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (রাড্ডা ক্লিনিক) হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। মন্ত্রী জানান, এই ঘটনার প্রেক্ষিতে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ডিএমপি কমিশনারকে ঘটনাটি সরজমিন পর্যবেক্ষণের নির্দেশ দেয়া হয়েছিল। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে এবং বেশ কিছু মালামাল ও আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই উল্লেখ করে তিনি জানান, দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।
জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সদস্য একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক প্রায় ২৮০ জনের মধ্যে বেশির ভাগকেই ছেড়ে দেয়া হয়েছে এবং বর্তমানে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ২৭ জনকে হেফাজতে রাখা হয়েছে। কাউকে হয়রানির উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়নি বলে জানান তিনি।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় একটি বিরোধপূর্ণ জমি (প্রায় ৩৫ কাঠা) নিয়ে নিউগিনি প্রপার্টিজ নামে একটি বিল্ডার্স গোষ্ঠী এবং একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার মধ্যে মালিকানা সংক্রান্ত বিরোধ চলছিল। ওই জমিতে একপক্ষ দখল করতে গেলে সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিও ভাঙচুরের শিকার হয়। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে এবং গুলির খোসাসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তিনি আরও জানান, ভুক্তভোগী ব্যক্তি নিজেই স্বীকার করেছেন যে তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। কোনো লিখিত মামলা হলে পুলিশ বিষয়টির সুনির্দিষ্ট তদন্ত করবে।
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকটি সংস্থার তদন্ত ও ফরেনসিক পরীক্ষা শেষে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বিভাগীয় কার্যক্রম প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর ফৌজদারি অপরাধের মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ওই ওসির সংশ্লিষ্টতা পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

