দখল ও দূষণে অস্তিত্ব সংকটে নবীনগরের তিতাস ও বুড়ি নদী

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ৩৩। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে তিতাস নদী এবং এর শাখা নদী বুড়ি। অভিযোগ রয়েছে, বিএস রেকর্ডের অযুহাতে নদীর পূর্ব পাশে প্রায় ৪০০ ফুট প্রস্থের বিশাল এলাকা বালু দিয়ে ভরাট করে দখল করা হচ্ছে। সেই সঙ্গে নবীনগর সদর বাজারের ময়লা-আবর্জনা নিয়মিত নদীতে ফেলার ফলে দূষণ ও নাব্যতা সংকট মারাত্মক আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা যায়, নবীনগর পৌরসভার পাশ দিয়ে বয়ে চলা তিতাস ও বুড়ি নদীর তীরে ময়লার স্তূপ জমে আছে। বিশেষ করে লঞ্চঘাট, থানার নৌকাঘাট, মনুবাবুর ঘাটলা এবং স্পিডবোট ঘাটের সামনে নদীর পাড়ে বিপুল পরিমাণ বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। এসব বর্জ্য পচে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং নদীর পাড়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত বর্জ্য ফেলার কারণে একদিকে যেমন নদী ভরাট হচ্ছে, অন্যদিকে এই সুযোগে পাড় ঘেঁষে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। এতে নদীর প্রবাহপথ ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক শ্রেণির অসাধু ভূমি কর্মকর্তার সহায়তায় সিএস রেকর্ড পরিবর্তন করে বিএস রেকর্ডে নদীর জায়গা ব্যক্তিমালিকানায় দেখানো হয়েছে। তাদের ভাষ্যমতে, সিএস ম্যাপে নদীর প্রস্থ যেখানে ৬২০ ফুট ছিল, সেখানে বিএস ম্যাপে তা কমিয়ে ২২০ ফুট দেখানো হয়েছে। এর ফলে নদীর একটি বড় অংশ ভরাট করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। নৌকাঘাটের মাঝি আল আমিন ও বিল্লাল মিয়াসহ স্থানীয়রা জানান, এক দশক আগেও বর্ষাকালে নদীর বিস্তীর্ণ জলরাশি দেখা যেত, কিন্তু এখন চারদিকে শুধু দখল আর অবৈধ স্থাপনা।

২০১৪ সাল থেকে নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর মৌজার কৃষিজমি ও নদীর জায়গা নিজের মালিকানা দাবি করে ভরাটের কাজ শুরু করেন ফরিদ উদ্দিন আহমেদ। মাঝে কিছু সময় কার্যক্রম বন্ধ থাকলেও সম্প্রতি আবারও সেখানে বালু ভরাট শুরু হওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ। স্থানীয় প্রশাসন বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানা ও উচ্ছেদ করলেও দখল-দূষণ বন্ধ হয়নি।

নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম মুঠোফোনে জানান, শহর ও নদীর তীর পরিষ্কার রাখতে ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। রাতের আঁধারে সদর বাজারের কিছু ময়লা নদীর তীরে ফেলার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে জানিয়ে তিনি বলেন, যেসব স্থানে ময়লা জমে আছে সেগুলো দ্রুত পরিষ্কার করা হবে। তবে স্থানীয়দের আশঙ্কা, দখল ও দূষণ বন্ধে কার্যকর ও স্থায়ী উদ্যোগ না নিলে একসময় তিতাস ও বুড়ি নদী মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে।