প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩৪
ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ে হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে রাজি না হওয়ায় এক মুসলিম কিশোর ও তার মামার ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ২১ সেপ্টেম্বর রাতে লক্ষ্ণৌর চক এলাকার বাদি কালী মন্দির মহল্লায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে রাতভর ভজন ও আরতি পরিবেশন করা হচ্ছিল।
আহত ৩৩ বছর বয়সী মোহাম্মদ সুফিয়ান জানান, তার ১২ বছর বয়সী ভাগনে দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে বের হলে কয়েকজন হিন্দু যুবক তাকে আটকে ফেলে। তারা প্রথমে তাকে সিগারেট আনতে বলে। কিশোরটি এতে অস্বীকৃতি জানালে তাকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। সুফিয়ানের অভিযোগ, স্লোগান দিতে না চাইলে এক যুবক তাকে চড় মারে এবং এরপর মারধর শুরু করে। এক পর্যায়ে লোহার বালা দিয়ে কিশোরটির মাথায় আঘাত করা হয়।
আহত অবস্থায় দৌড়ে বাড়িতে ঢোকার সময় ওই কিশোরের পিছু নেয় হামলাকারীরা। সুফিয়ানের দাবি, কিশোরটি বাড়িতে আশ্রয় নেওয়ার পর হামলাকারীরা তাদের বাড়ি ও পাশের একটি মসজিদ লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকে। এসময় বারান্দা থেকে পরিস্থিতি দেখার সময় সুফিয়ানের বোনও পাথরের আঘাতে আহত হন।
পরিবারের ফোন পেয়ে সুফিয়ান দ্রুত বাড়িতে ছুটে যান। তিনি জানান, বাড়ির সামনে পৌঁছানোর পরপরই একদল লোক তাকে ঘিরে ফেলে এবং মাটিতে ফেলে লাথি ও পায়ের আঘাতে শরীর ও মুখে গুরুতর জখম করে। সুফিয়ান বলেন, আল্লাহর রহমতেই তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেছেন।
এ ঘটনায় সুফিয়ান ও তার ভাগনে—দুজনেরই মাথায় গুরুতর আঘাত লেগেছে। সুফিয়ানের মাথায় আটটি সেলাই দিতে হয়েছে। সুফিয়ানের অভিযোগের ভিত্তিতে চক থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আশু, বিকাশ, আশিস, আনন্দ ও মোহিতসহ ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মাকতুব মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এফআইআরে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর দাঙ্গা, আঘাত, ভয়ভীতি প্রদর্শন, হামলা এবং সম্পত্তির ক্ষতিসহ বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।

