রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক

রাঙামাটির আসামবস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে এক মাদকাসক্ত যুবককে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে আসামবস্তি এলাকায় সিরাজ সওদাগরের ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম সাকিবুল ইসলাম (২৫)। তিনি পেশায় অটোরিকশাচালক রফিকুল ইসলাম এবং গৃহবধূ রাখাই ইসলামের বড় ছেলে। অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার পরপরই রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিহতের বাবা ও মাকে আটক করে থানায় নিয়ে গেছে। এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন, ঘটনার প্রেক্ষিতে মামলার কার্যক্রম চলমান রয়েছে।