প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাত দিনের প্রস্তাবের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক প্রতিক্রিয়া পেয়েছে তেহরান। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত অবস্থান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে পৌঁছায়নি। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরাগচি জানান, নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে তেহরানের সুনির্দিষ্ট শর্তগুলো মধ্যস্থতাকারীদের জানানো হয়েছিল। পরবর্তীতে তারা সেই শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেন। তিনি আরও বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্টের প্রথম প্রতিক্রিয়া শুনেছি, কিন্তু মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখনো কোনো চূড়ান্ত বার্তা পাওয়া যায়নি। আমরা সেই বার্তার অপেক্ষায় আছি, যার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তেহরানের দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া কিংবা আলোচনায় অগ্রগতির কোনো সম্ভাবনা নেই বলেও তিনি স্পষ্ট করেন।
ইরানের প্রস্তাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করার রূপরেখা দেওয়া হয়েছে। এর বিনিময়ে তেহরান বেশ কিছু দাবি জানিয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা ইরানি সম্পদ ছাড় করা, ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির বন্দরগুলোর ওপর নৌ অবরোধ বন্ধ করা। এসব পদক্ষেপ গ্রহণের পর হরমুজ খুলে দিয়ে চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরুর কথা বলা হয়েছে। আরাগচি জোর দিয়ে বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব এবং চাপের মুখে ইরান তার অধিকার ছাড়বে না।
এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন। তিনি বলেন, ইরানের দেওয়া শর্তগুলো গ্রহণযোগ্য নয়। ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এর আগে শুক্রবার আরাগচি জানিয়েছিলেন, ইরানের শর্ত পূরণ করা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব এবং এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো জুনে দুই পক্ষের মধ্যে হওয়া সমঝোতার স্মারকলিপিতেই উল্লেখ রয়েছে। তখন তিনি বলেছিলেন, এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে।

