ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬ (2026): জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষ করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি ও তাঁর সফরসঙ্গীরা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি দুবাই সময় রোববার ভোর ২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
এবারের সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিশ্ব সম্প্রদায়ের সামনে বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার, শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার আগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তাঁর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট নিরসন, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক শান্তির মতো বিষয়গুলো গুরুত্বের সাথে উঠে আসে।
মাহদী আমিন আরও জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদ সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, সাইডলাইনের চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে অংশ নেন। পাশাপাশি, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন এবং চারটিতে বক্তব্য দেন। এর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।

