২০২৭ ওয়ানডে বিশ্বকাপই ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে খেলার বিষয়টি এখন তার অন্যতম বড় প্রেরণা। শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যম জিওস্টারকে কোহলি বলেন, তার জন্য এটিই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এবং তিনি এই টুর্নামেন্টের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। তার লক্ষ্য বিশ্বকাপ জয় এবং এর জন্য যা যা করা দরকার, তিনি তার জন্য পুরোপুরি তৈরি আছেন।
৫০ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ১৪ হাজার ৯৪১ রান করেছেন কোহলি। ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শচীন টেন্ডুলকারের (১৮,৪২৬ রান) পরেই তার অবস্থান। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতিও রয়েছে তার। ২০২৭ সালে এটি হতে যাচ্ছে কোহলির পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ। তিনি মনে করেন, ৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য সবকিছুর চেয়ে বেশি। কোহলির মতে, ১০টি ম্যাচ খেলার এই প্রক্রিয়াটি যেন প্রতিদিন আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মতো চাপের। বিশেষ করে বিদেশের কন্ডিশনে এত বড় টুর্নামেন্টে দীর্ঘ সময় সেই তীব্রতা ধরে রাখা অনেক চ্যালেঞ্জিং।
এদিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও ২০২৭ বিশ্বকাপে খেলার ব্যাপারে ইতিবাচক। তার মাথায় ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনো ভাবনা নেই। রোহিত জানান, যতদিন খেলছেন, ততদিন সামনে পাওয়ার মতো কিছু না কিছু থাকেই। তিনি বিশ্বকাপের দিকেই তাকিয়ে আছেন। সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না মনে করেন, কোহলি ও রোহিত দুজনকে ২০২৭ বিশ্বকাপে একসঙ্গে পেলে ভারতের শিরোপা জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ বেড়ে যাবে। রেডিফ ডটকমকে রায়না বলেন, রান মেশিন কোহলি এবং দুর্দান্ত অধিনায়ক রোহিত শর্মার মতো অভিজ্ঞ খেলোয়াড় দলে থাকলে ভারতের শিরোপা জয়ের বড় সুযোগ থাকবে।

