এটিইউ ও সিটিটিসির নাম বদলে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’

পুলিশের জঙ্গি ও চরমপন্থা দমন ইউনিটগুলোর কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন ও সংস্কারের অংশ হিসেবে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) নাম বদলে রাখা হচ্ছে ‘এসআরইউ ডিএমপি’।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন এই কাঠামোর আওতায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় এসআরইউর শাখা গড়ে তোলা হবে। এসব শাখা সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কমান্ডে পরিচালিত হলেও সামগ্রিক শৃঙ্খলা ও কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্বে থাকবেন এসআরইউর অতিরিক্ত আইজিপি।

আগে এটিইউর সদর দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সারা দেশে চরমপন্থি কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি কাজ করার এখতিয়ার ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে এসআরইউকে নিয়ে আসা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী প্রতিটি মেট্রোপলিটন এলাকায় এসআরইউর শাখা গঠন করে সেখানে প্রয়োজনীয়সংখ্যক সদস্য ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ঢাকার সিটিটিসি এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘এসআরইউ ডিএমপি’ নামে কার্যক্রম চালাবে।

সিটিটিসির সাংগঠনিক কাঠামো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি আগে আনুষ্ঠানিকভাবে আলাদা কোনো ইউনিট হিসেবে গঠিত ছিল না, বরং ডিএমপির অধীনেই পরিচালিত হতো। এখন একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে একটি অভিন্ন সাংগঠনিক কাঠামোর আওতায় আনা হচ্ছে।

এসআরইউর বর্তমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, এই ইউনিটের সদর দপ্তর ইতিমধ্যে আগারগাঁওয়ে স্থানান্তর করা হয়েছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও সমন্বয়ের কাজের জন্য এসআরইউর অতিরিক্ত আইজিপি সেখানেই অবস্থান করবেন। পর্যায়ক্রমে এই ইউনিটের সাংগঠনিক কাঠামো, অবকাঠামো, লজিস্টিক ও প্রযুক্তিগত সুবিধাগুলো আরও উন্নত করা হবে।

এছাড়া ফরেনসিক ও কেমিক্যাল ল্যাবের কার্যক্রমও আপাতত আগারগাঁওয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দেশের জন্য কেন্দ্রীয়ভাবে একটি বড় ফরেনসিক ও কেমিক্যাল ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। বিভাগীয় পর্যায়েও এই ধরনের ল্যাব স্থাপনের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে আটটি ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বিভাগের ল্যাবটি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।