একসময় প্রতিবেশীদের হাসি আর উপহাসের পাত্র ছিলেন হালিমা কেদির। গাছ লাগিয়ে কী লাভ হবে—এমন প্রশ্নে তাকে জর্জরিত হতে হয়েছে বারবার। তবে ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলের বেরবেরে জেলার ৩৫ বছর বয়সী এই নারী দমে যাননি। বরং নিরলসভাবে হাজার হাজার গাছ লাগিয়ে নিজের বাড়ির আঙিনাকে কলা, জলপাই ও গ্রেভিলিয়াসহ নানা প্রজাতির সবুজে ভরিয়ে তুলেছেন। হালিমা বলেন, প্রতিবেশীরা তাকে নিরুৎসাহিত করলেও তিনি হাল ছাড়েননি, বরং সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই বুঝতে পেরেছে যে জলবায়ু পরিবর্তন ও খাদ্যসংকট মোকাবিলায় গাছই হতে পারে বড় সমাধান।
ইথিওপিয়া গত কয়েক দশকে মারাত্মক বন উজাড়ের কবলে পড়েছিল। ২০০০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে প্রায় ৫ লাখ ৬০ হাজার হেক্টর বৃক্ষ আচ্ছাদন বিলুপ্ত হয়েছে। মূলত কৃষিজমির সম্প্রসারণ, বাণিজ্যিক কাঠ কাটা এবং জ্বালানি হিসেবে কাঠকয়লার ব্যাপক ব্যবহারের কারণেই এই পরিবেশগত বিপর্যয় ঘটেছে। এর ফলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার পাশাপাশি মাটির গুণমান ও পানির উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকি বেড়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় ২০১৯ সালে সরকার ‘গ্রিন লিগ্যাসি ইনিশিয়েটিভ’ নামে একটি কর্মসূচি হাতে নেয়। এই প্রকল্পের মাধ্যমে ব্যাপকভাবে বৃক্ষরোপণ শুরু হয় এবং সাধারণ মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করা হয়। সরকারি তথ্যানুযায়ী, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে বার্ষিক বন উজাড়ের হার ৯২ হাজার হেক্টর থেকে কমে ২৭ হাজার ৭০৩ হেক্টরে নেমে এসেছে। একই সময়ে বনভূমির পরিমাণ ১৫ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২৩ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে। সরকারের দাবি, এই কর্মসূচির আওতায় গত সাত বছরে ৪৮ বিলিয়ন চারা রোপণ করা হয়েছে এবং ২০১৯ সালে একদিনেই ৩৫ কোটি ৩০ লাখ চারা লাগানোর রেকর্ড গড়েছিল দেশটি। এখন তাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ৫০ বিলিয়ন গাছ লাগানো।
হালিমার সফলতায় অনুপ্রাণিত হয়ে এখন তার প্রতিবেশী ফাতে আবদুলাহিও গাছ লাগানো শুরু করেছেন। স্থানীয় ওরোমো জনগোষ্ঠীর ঐতিহ্যে ‘গুদ্দিফাচা’ নামক একটি প্রথা রয়েছে, যেখানে অন্য কোনো শিশুকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে তাকে পরিবারের অংশ করে নেওয়া হয়। হালিমা তার রোপণ করা প্রতিটি চারাকে নিজের সন্তানের মতোই লালন-পালন করেন। বেরবেরে এলাকায় পানির তীব্র সংকট থাকলেও হালিমা প্রায় এক ঘণ্টা হেঁটে পানি এনে গাছগুলো বাঁচিয়ে রেখেছেন। তার ১৩ বছর বয়সী ছেলে আনোয়ার হাসেন মায়ের এই লড়াই দেখে গর্বিত এবং সে নিজেও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আজীবন কাজ করার সংকল্প করেছে।
বর্তমানে হাজার হাজার পরিবার এই সবুজায়ন উদ্যোগে অংশ নিচ্ছে। ওয়াটারএইড ইথিওপিয়ার সহায়তায় একসময়ের অবক্ষয়িত জমিগুলোতে নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। সংস্থাটির পরিচালক আলেবাচেউ আদেম জানান, পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৫৫ হাজার স্থানীয় প্রজাতির চারা বিতরণ করা হয়েছে, যার ৮৫ শতাংশই সফলভাবে বেড়ে উঠেছে। তিনি মনে করেন, বেরবেরের মতো শুষ্ক ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় এই উদ্যোগ সাধারণ মানুষের টিকে থাকার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত এই ৫০ বিলিয়ন গাছের লক্ষ্য কেবল একটি সংখ্যা নয়, বরং হালিমার মতো সাধারণ মানুষের অদম্য প্রচেষ্টায় হারিয়ে যাওয়া সবুজকে ফিরিয়ে আনার এক অনন্য গল্প।

